
রবিউল হাসান লায়ন: ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর প্রধান সংগঠক নাঈম আহমেদ বলেছেন, অসংখ্য ভাই বোন জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আমাদের বিশ্বাস ছিলো এই রক্তের সাথে আমাদের নেতারা কখনো বেঈমানী করবে না, এদেশের জনগন বেইমানী করবে না, এদেশের প্রশাসন বেইমানী করবে না। কিন্তু জুলাই অভ্যুত্থানের তিন মাস পর আস্তে আস্তে কিছু বাস্তবতার মুখোমুখি হতে শুরু করলো। তারা যে সমন্বয়কদের উপর আশা ভরসা করে নিজ দায়িত্বে, নিজ খরচে, নিজের শ্রম দিয়ে দেশের পরিবর্তনের জন্য রাস্তায় দাড়িয়ে গিয়েছিলো, ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলো, চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলো। তারা দেখলো, তারা জামালপুরে বসে চাঁদাবাজি প্রতিহত করছে আর তাদের সমন্বয়করা ঢাকায় বসে আবার চাঁদাবাজি করছে।
সোমবার দুপুরে জামালপুরের নয়াপাড়া এলাকায় একটি রেস্টুরেন্টে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও সামাজিক চুক্তির পুনর্বহাল এর মাধ্যমে বৈষম্যহীন এবং সমৃদ্ধি বাংলাদেশের লক্ষ্যে সংগঠকদের সাথে মতবিনিময় সভা এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, এমন একটি পরিস্থিতিতে আমাদের মনে হলো, এদের দিয়ে আর কাজ হবে না। বাংলাদেশে এমন একটি শক্তির উত্থান ঘটতে হবে, যারা বিক্রি হবে না, যারা চাঁদাবাজি করবে না, যারা সত্যিকার অর্থে এই গণঅভ্যুত্থানের স্পিডকে ধারন করে একটি ইতিবাচক ধারার বাংলাদেশ গড়ে তুলবে।
আপ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, আপ বাংলাদেশের জামালপুর কমিউনিকেশন টিম মেম্বার আতিকুর রহমান, আবিদুর রহমানসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।