হোম » সারাদেশ » কুমিল্লা-২ আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনে গণঅধিকার পরিষদের স্মারকলিপি

কুমিল্লা-২ আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনে গণঅধিকার পরিষদের স্মারকলিপি

মেঘমা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) সংসদীয় আসন পুনর্বিন্যাসের খসড়া বাতিল করে বিদ্যমান সীমানা বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনার মো. আনোয়ারুল ইসলামের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
গণঅধিকার পরিষদ মনোনীত কুমিল্লা-২ আসনের সম্ভাব্য প্রার্থী ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান এই স্মারকলিপি প্রদান করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, হোমনা ও মেঘনা দুটি উপজেলা ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক ও প্রশাসনিকভাবে একে অপরের পরিপূরক। দীর্ঘদিন ধরে একক আসন হিসেবে গড়ে ওঠা কুমিল্লা-২ আসনটি যদি বিভক্ত করা হয়, তবে তা জনগণের প্রত্যাশা ও বাস্তবতাসহ উভয়ের সঙ্গে সাংঘর্ষিক হবে। এতে করে উন্নয়ন পরিকল্পনা, নির্বাচনী প্রতিনিধিত্ব ও প্রশাসনিক সেবাদানেও জটিলতা তৈরি হবে।
স্মারকলিপি প্রদান শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাজমুল হাসান বলেন, ‘আমরা জনগণের পক্ষ থেকেই এই দাবি জানাতে এসেছি। কুমিল্লা-২ আসনের মানুষ চান, হোমনা ও মেঘনাকে একসঙ্গে রেখেই তাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত হোক। কোনো দলীয় সুবিধা নয়, জনগণের বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনের ভিত্তিতেই আমরা চাই আসনটি আগের মতোই থাকুক। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে জনগণের মতামতকে অগ্রাধিকার দেবে। গণতন্ত্রকে সুসংহত করতে হলে জনগণের স্বর শুনতে হবে। এছাড়াও নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম এ সময় স্মারকলিপি গ্রহণ করে আমাদের আশ্বস্ত করে বলেন, ‘আপনাদের বক্তব্য গুরুত্ব সহকারে গ্রহণ করা হলো। সীমানা পুনর্নির্ধারণে কোনো চাপ নয়, আমরা জনগণের মতামত ও বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নেব।’
স্মারকলিপি প্রদান শেষে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনেই শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেন গণঅধিকার পরিষদ, হোমনা ও মেঘনা উপজেলার নেতাকর্মীরা। এতে অংশ নেওয়া বক্তারা বলেন, একাত্তরের রক্তঋণে গড়ে ওঠা জনগণের ভোটাধিকার যাতে কোনোভাবে খর্ব না হয়, তা নিশ্চিত করতেই এই দাবি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!