
রাফাত হোসেন, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে হাসিবুল হাসান জনি (৩৫) নামের এক মুহুরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৪ আগস্ট) দিনগত গভীর রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের দংশনে প্রাণ হারান তিনি।
হাসিবুল হাসান জনি ছিলেন ঝিনাইদহ জজ কোর্টের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট এরশাদ আলীর ব্যক্তিগত চেম্বারের অফিস সহকারী এবং একই কোর্টের মুহুরী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের মোল্লাকোয়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, রাতের কোনো এক সময় জনিকে ঘুমন্ত অবস্থায় সাপ দংশন করে। প্রথমে বিষয়টি কেউ টের না পেলেও, হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঝিনাইদহ আইনজীবী সমিতি, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার সকালে তার জানাজায় এলাকাবাসী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির একাধিক সদস্য শোক প্রকাশ করে বলেন, “জনির মতো একজন বিশ্বস্ত, আন্তরিক ও সদালাপী মুহুরীকে আমরা হারালাম। তার শূন্যতা কখনো পূরণ হবার নয়।”
একজন দায়িত্বশীল, হাস্যোজ্জ্বল ও সবার কাছে প্রিয় মানুষ হিসেবে জনিকে স্মরণ করছেন তার সহকর্মী ও পরিচিতজনেরা। মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অনেকে।