
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে আবারও ঘটেছে মর্মান্তিক মাইন বিস্ফোরণের ঘটনা। এতে লাকি সিং (২৪) নামে এক তরুণী উপজাতি নারী পা হারিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (৪ আগস্ট) সকালে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সেদিন সকালে লাকি সিং জীবিকার প্রয়োজনে বাঁশ কাটতে গিয়ে সীমান্ত পেরিয়ে মিয়ানমারের ভেতরে প্রবেশ করেন। ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় পৌঁছানোর পরই আচমকা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে তার বাম পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত লাকি সিং নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের বাসিন্দা সুমং কারবারির মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।
এদিকে, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। অনেকেই জীবিকার তাগিদে সীমান্ত পেরোতে ভয় পাচ্ছেন। গ্রামবাসীর দাবি, দ্রুত সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং মাইন অপসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ