
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের ইকলিপুর গ্রামে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মিন্টু মিয়া (৪৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
পীরগঞ্জ থানা পুলিশ জানায়, মিন্টু মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে ইতিপূর্বে পীরগঞ্জ থানায় মাদক আইনে ৩টি মামলাও রয়েছে। স্থানীয়ভাবে চিহ্নিত হলেও তাকে গ্রেফতারে পুলিশের একাধিক অভিযান ব্যর্থ হয়।
এদিকে বিশ্বস্থ সুত্রে তথ্য পেয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি পীরগঞ্জ সেনা কর্তৃপক্ষকে অবহিত করেন এবং যৌথ অভিযানের জন্য আবেদন জানান। পরবর্তীতে পীরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাকিবুল ইসলামের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তনুযায়ী রবিবার দিবাগত রাত ৯টা থেকে প্রায় সাড়ে ৩ ঘন্টা স্থায়ী অভিযানে সেনাবাহিনীর ১৮ সদস্যের একটি টহল দল এবং পুলিশের ৬ সদস্যর সম্মিলিত অভিযানে মাদক ব্যাবসায়ী মিন্টু মিয়াকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় যৌথ বাহিনী মিন্টু মিয়ার কাছ থেকে ৩২০ পিস ইয়াবা, ৬টি মোবাইল ফোন, মাদকদ্রব্য পরিমাপের ২টি ডিজিটাল মেশিন, ১টি কাঁচি, নগদ ৩৫ হাজার ৫০ টাকা এবং বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে ।