
মো:রাফাত হোসেন, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় কালীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের ব্যানারে সরকারি ভূষণ স্কুল সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় ৩০টি কিন্ডারগার্টেনের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ১৭ জুলাই যে প্রজ্ঞাপন জারি করেছে, তাতে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। এতে বেসরকারি প্রাথমিক প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। বক্তারা এ সিদ্ধান্তকে বৈষম্যমূলক উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানান।
তারা বলেন, “বৈষম্যহীন বাংলাদেশ গঠনের স্বপ্নে এমন একটি সিদ্ধান্ত হতাশাজনক। সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সমান সুযোগ দিতে হবে। অন্যথায় এই বৃত্তি পরীক্ষা বাতিল করতে হবে।”
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম, সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম ও সহ-সভাপতি আব্দুল হামিদ।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি পেশ করেন। বক্তারা জানান, দাবির বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক