
মো:রাফাত হোসেন, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কুমিল্লাপাড়া সীমান্তের মেইন পিলার ৬০/৭০-আর এর কাছাকাছি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায়। বিজিবির সদস্যরা সন্দেহভাজন এক ব্যক্তিকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করতে দেখে চ্যালেঞ্জ করলে তিনি সঙ্গে থাকা তিনটি পোটলা ফেলে দিয়ে ভারতে দৌড়ে পালিয়ে যান।
বিজিবি সদস্যরা পোটলাগুলো উদ্ধার করে কুমিল্লাপাড়া বিওপিতে নিয়ে আসেন। সেগুলো খুলে দেখা যায়, প্রতিটি পোটলায় স্বর্ণের বার রয়েছে, মোট ৩১টি বার, যার ওজন ৪ কেজি ২০৩.১১ গ্রাম। বিজিবির হিসাব অনুযায়ী, এসব স্বর্ণের বাজারমূল্য ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬১৮ টাকা।
মহেশপুর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক আবু হানিফ মোঃ সিহানুক বলেন, “উদ্ধারকৃত স্বর্ণের বিষয়ে মহেশপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণ ঝিনাইদহ জেলা কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।”
তিনি আরও জানান, এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে চোরাচালান চক্রকে চিহ্নিত করতে অভিযান চালানো হচ্ছে।
এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, “সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।”
বিজিবির এই সফল অভিযানে সীমান্তে চোরাচালান প্রতিরোধে আরও সজাগ দৃষ্টি রাখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।