
এইচ এম রুহুল কাদের, চকরিয়া (কক্সবাজার)
কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত একটি সমাবেশে বিএনপি নেতা-কর্মীদের হামলায় সমাবেশটি পণ্ড হয়ে যায়। শনিবার (১৯ জুলাই) বিকেলে চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বরে আয়োজিত এনসিপির সমাবেশে এ হামলার ঘটনা ঘটে।
এর আগে দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত এক সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দীন পাটোয়ারী বক্তব্য প্রদানকালে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে ‘গডফাদার’ মন্তব্য করেন। তিনি বলেন,
“আগে শামীম ওসমান ছিল নারায়ণগঞ্জের গডফাদার, এখন শুনি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে।”
এ সময় তিনি আরও অভিযোগ করে বলেন, “ঘের দখল করছে, মানুষের জমি দখল করছে, চাঁদাবাজি করছে। আবার শুনি সে নাকি সংস্কার বোঝে না! কক্সবাজারের জনতা সংস্কারবিরোধী কাউকে মেনে নেবে না। যারা পাবলিক রিলেশন বোঝে না, তাদের রাজপথেই ঠেকিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।”
নাসিরউদ্দীনের এই বক্তব্যের পরপরই জেলা বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিকেল ৪টার দিকে চকরিয়ায় এনসিপির সমাবেশস্থলে বিএনপির নেতা-কর্মীরা হামলা চালায়। ট্রাকে স্থাপিত সমাবেশের মঞ্চ ভাঙচুর করে এবং সেই স্থলে নিজেদের সমাবেশ করে বিএনপি।
ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত হস্তক্ষেপ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত এনসিপি বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা