
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:
শেরপুর শহরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী শেরপুর’-এর আয়োজনে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন করেন।
শুক্রবার, ১৮ জুলাই সকালে শহরের ঐতিহ্যবাহী জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রুবেল মৃধা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস-এর সভাপতি এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদ হাসান বাদল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব এলাহী।
বক্তারা তাঁদের বক্তব্যে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বেশি করে গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, “প্রতিটি নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং তা পরিচর্যার মাধ্যমে বড় করে তোলা।”
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা শহরের বিভিন্ন মহল্লার হতদরিদ্র, দিনমজুর ও সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ‘রূপসী শেরপুর’।
এই সময় আরও উপস্থিত ছিলেন রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু, সহ-সভাপতি মো. আবু সাঈদ (সুজন), দপ্তর সম্পাদক মো. আব্দুল আলিম, প্রচার সম্পাদক মো. মোজাম্মেল হক এবং অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম (জাদিদ), যিনি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই শ্লোগানকে সামনে রেখে একটি সবুজ ও সচেতন সমাজ গঠনের অঙ্গীকার করেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও জানান ‘রূপসী শেরপুর’।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা