
মোস্তাফিজুর রহমান, নাটোর জেলা প্রতিনিধি
নাটোরে মধ্যযুগীয় কায়দায় নারকীয় নির্যাতন: গরম পানি ও মরিচ গুঁড়ায় ঝলসে দেওয়া হয়েছে দুই নারীকে, সেই ঘটনায় আজ সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার করা হয় ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে।
নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামে ঘটেছে মধ্যযুগীয় কায়দার ভয়াবহ এক নির্যাতনের ঘটনা। গত ২৬ জুন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পূর্ব শত্রুতার জেরে হালিমা ও শাহনাজ নামের দুই নারীকে গরম পানির সাথে মরিচের গুঁড়ার মিশ্রণে ঝলসে দেওয়া হয়। শুধু তাই নয়, দেশীয় অস্ত্র দিয়ে তাদের মাথায় আঘাত করে নির্মমভাবে আহত করা হয়।
ঘটনার পর থেকেই বিষয়টি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার নজরে আসে এবং গোয়েন্দা পর্যবেক্ষণ ও তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে নজরদারির আওতায় আনা হয়।
অবশেষে আজ ১৩ জুলাই ২০২৫ তারিখে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আটককৃতরা হলো: সদর উপজেলার রামনগর গ্রামের তৌহিদ উদ্দিনের ছেলে মোঃ সুলতান ডাকাত, একই এলাকার সুলতান ডাকাতের ছেলে মোঃ লালচান, একই এলাকার সুলতান ডাকাতের স্ত্রী মোছাঃ আয়মনা, পীরগঞ্জ মোহনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ সাইফুল ইসলাম,
একই এলাকার সাইফুলের স্ত্রী মোছাঃ শীলা, উপজেলার পন্ড্রিত গ্রামের রতনের স্ত্রী মোছাঃ শাকিদা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাদেরকে নাটোর সদর থানায় হস্তান্তর করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ নির্মম ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ