
মো:রাফাত হোসেন, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ফেসবুকে পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব এবং ধীরে ধীরে প্রেম। সেই প্রেম এতটাই গভীর হয়েছিল যে, চার সন্তানের জননী এক তরুণীর প্রেমে পড়ে নিজের সংসার ছেড়ে পাড়ি জমান ঢাকায়। তবে এই ব্যতিক্রমধর্মী সম্পর্কের ইতি টানা হয় অবশেষে থানার মধ্যস্থতায়।
ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার সাতগাছী গ্রামে। জানা গেছে, প্রবাসী এনামুল হকের স্ত্রী কল্পনা খাতুনের (৩৫) সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় গাইবান্ধার সদর উপজেলার নুরনবী মিয়ার মেয়ে নুরিয়ার (২২)। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গাঢ় হয়ে রূপ নেয় রোমান্টিক সম্পর্কে। পরস্পরের প্রতি টান এতটাই প্রবল হয়ে ওঠে যে, একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন তারা।
নিজের চার সন্তান ও স্বামীকে ফেলে প্রায় ৯ দিন আগে কল্পনা খাতুন গোপনে ঢাকায় চলে যান নুরিয়ার কাছে। সেখানে তারা কয়েক দিন একসঙ্গে অবস্থান করেন। এদিকে, কল্পনার খোঁজ না পেয়ে উদ্বিগ্ন পরিবার শৈলকূপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, “জিডি পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে ঢাকায় তাদের খুঁজে বের করা হয়। পরে কৌশলে থানায় আনা হয়।”
সকালে শৈলকূপা থানায় হাজির হয় কল্পনা ও নুরিয়ার পরিবার। দুই পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনার পর পুলিশের মধ্যস্থতায় দুজনকেই নিজ নিজ পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়। জনতার কৌতূহল ও উত্তেজনার মধ্যেই শেষ হয় দুই নারীর প্রেমের অধ্যায়।
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের নতুন মাত্রা ও এর জটিলতা নিয়ে আলোচনা সৃষ্টি করেছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা