হোম » সারাদেশ » ডাবল মার্ডার মামলার এজাহারভুক্ত আসামি শীর্ষ সন্ত্রাসী ‘ঘ্যানা’ অস্ত্রসহ গ্রেপ্তার

ডাবল মার্ডার মামলার এজাহারভুক্ত আসামি শীর্ষ সন্ত্রাসী ‘ঘ্যানা’ অস্ত্রসহ গ্রেপ্তার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

কালীগঞ্জের বহুল আলোচিত ডাবল মার্ডার মামলার অন্যতম পরিকল্পনাকারী ও শীর্ষ সন্ত্রাসী বাবলুর রহমান ওরফে ‘ঘ্যানা’ অবশেষে গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে ঝিনাইদহের দুধরাজপুর গ্রাম থেকে একটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়

গ্রেপ্তারকৃত ঘ্যানা ওই মামলার এজাহারভুক্ত ২৪ নম্বর আসামি। তার বিরুদ্ধে কালীগঞ্জ উপজেলার তালিয়ান গ্রামে সংঘটিত নির্মম দুই সহোদর ভাই মহব্বত আলী বিশ্বাস ও ইউনুস আলী বিশ্বাস হত্যাকাণ্ডে সরাসরি নেতৃত্ব প্রদানের অভিযোগ রয়েছে। এলাকাবাসীর ভাষ্যমতে, হামলার সময় ঘ্যানাই ছিলেন মূল নেতৃত্বে, এবং তিনি একদল সশস্ত্র সন্ত্রাসী নিয়ে সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন।

উল্লেখ্য, গত ১ জুন সকালে তালিয়ান শ্মশানঘাটের পাশে শতাধিক সন্ত্রাসী হামলা চালায়। প্রথমে কুপিয়ে হত্যা করা হয় মহব্বত আলী বিশ্বাসকে। পরে তাকে বাঁচাতে আসা বড় ভাই ইউনুসকেও একইভাবে গুরুতর জখম করা হয়। তিনদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ইউনুস আলীও মৃত্যুবরণ করেন।

ঘ্যানা ও তার সহযোগীরা শুধু হত্যাকাণ্ডেই থেমে থাকেনি। হামলার পর হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে নিহতদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, আতঙ্কে গ্রামবাসী বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়।

ঘ্যানার বিরুদ্ধে অস্ত্র ও হত্যা মামলায় রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!