
মো:রাফাত হোসেন, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি
বিএনপির ডাকে ঝিনাইদহের কালীগঞ্জে শুক্রবার (11ই জুলাই) বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয় এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ, যা পরিণত হয় এক আবেগঘন ও হৃদয়বিদারক অনুষ্ঠানে। বিকেলে শহরের সরকারি ভূষণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপি নেতারা বক্তব্য রাখেন। সমাবেশটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং শহীদদের আত্মত্যাগ ও বিচার দাবির এক শক্তিশালী আহ্বান হিসেবে পরিগণিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সাবেক ছাত্রনেতা ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। তিনি বলেন, “আমরা চাঁদাবাজি-সন্ত্রাসী দেখতে চাই না। দলের নাম ভাঙিয়ে যারা অপকর্ম করছে, তাদের গ্রেপ্তার করুন। আমরা মানবিক পুলিশ চাই, যারা গরিবের পক্ষে দাঁড়াবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে একজনের ভোট অন্যজন দেবে, সেই সুযোগ আর থাকবে না। বিএনপির নাম নিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের দল থেকে বহিষ্কার ও আইনের আওতায় আনতে হবে।”
সমাবেশের সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক আতিয়ার রহমান। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, যুবদল নেতা মাহাবুবুর রহমান মিলন, প্রভাষক এম এ মজিদ, সাবেক ছাত্রনেতা বাবলুর রহমান, আশরাফুজ্জামান লাল, মাজহারুল আনোয়ার প্রিন্সসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে যখন “আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে প্রয়াত বিএনপি নেতা ইউনুছ আলীর কন্যা ফজিলা খাতুন” মঞ্চে এসে কান্নাভেজা কণ্ঠে বলেন, “আমার বাবাকে যারা খুন করেছে, তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ায়। আমি তারেক রহমানের কাছে আবেদন করছি, যেন এই খুনিরা কোনোদিন মনোনয়ন না পায়। আমরা খুনি ও চাঁদাবাজদের বিচার চাই।”
তার এই বক্তব্যে অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন।
বক্তারা বলেন, বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা জীবন দিয়ে আন্দোলন করেছেন। শহীদদের রক্ত বৃথা না যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বক্তারা বলেন, চাঁদাবাজ-সন্ত্রাসীদের প্রতিহত করে এবং দলীয় ঐক্য রক্ষা করে সবাইকে রাজপথে সক্রিয় থাকতে হবে।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা স্লোগানে স্লোগানে শহীদদের হত্যার বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানান।
এদিন কালীগঞ্জ শুধু রাজনৈতিক কর্মসূচির সাক্ষী হয়নি, বরং এটি হয়ে উঠেছে এক কন্যার পিতার হত্যার বিচার চাওয়ার বেদনার্ত আর্তির প্রতিধ্বনি, যা নাড়া দিয়েছে সকলের বিবেককে।

আরও পড়ুন
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত