হোম » সারাদেশ » চকরিয়ায় খালের মুখ বন্ধ করে মাছ চাষ : কৃষিজমি জলাবদ্ধ, কৃষকদের মানববন্ধন

চকরিয়ায় খালের মুখ বন্ধ করে মাছ চাষ : কৃষিজমি জলাবদ্ধ, কৃষকদের মানববন্ধন

এইচ এম রুহুল কাদের, চকরিয়া: কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ডের পূর্ব ও মধ্য সওদাগরঘোনা এলাকার শত শত প্রান্তিক কৃষক সোমবার (৮ জুলাই) সকালে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। খালের স্বাভাবিক পানি চলাচল বন্ধ করে জোরপূর্বক মাছ চাষের প্রতিবাদে এবং জলাবদ্ধতা নিরসনের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকার সরকারী খাল “ওমখালী” পূর্বে খনন করা হলেও বর্তমানে প্রভাবশালী এক সাবেক ইউপি সদস্য জাহাংগীর আলম ( নুরুল ইসলাম, মেম্বারের পুত্র) ও তার সহযোগীরা খালের প্রবাহ পথে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক চলাচল বন্ধ করে দিয়েছেন। তারা জোরপূর্বক বাঁধ দিয়ে খালের পানি আটকে মাছ চাষ করছেন। এতে অত্র এলাকার প্রায় ২৫০ কানি ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

কৃষকরা জানান, সামান্য বৃষ্টিতেই ঘরের উঠানে পানি উঠে যাচ্ছে। চাষাবাদ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। জমি পানিতে তলিয়ে রয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ থাকায় কৃষিকাজ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। কোনো ধরনের স্থানীয় সমাধান না হওয়ায় তারা বাধ্য হয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে মানববন্ধন করেছেন।

এসময় কৃষকদের সাথে এলাকাবাসীসহ নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। যাতে খালের বাঁধ অপসারণ করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয় এবং কৃষি জমি রক্ষা পায়।

প্রান্তিক কৃষকরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা দিনমজুর, ফসল করেই পরিবার চালাই। এইভাবে পানি জমে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে।” তারা আরও জানান, বাঁধ খুলতে গেলে প্রভাবশালী বিবাদীরা মারমুখী আচরণ করে এবং নানা ভয়ভীতি প্রদর্শন করে থাকে। ফলে আইনি সহায়তা ছাড়া তারা কিছু করতে পারছেন না।

এ ব্যাপারে চকরিয়া উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী। খবর পেয়ে চিরিংগা ইউনিয়ন পরিষদের প্রশাসক(সহকারী কৃষি কর্মকর্তা) ইসরাত জাহান সুইটি ও প্রশাসনিক কর্মকর্তা আতাউল গনি পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!