হোম » সারাদেশ » অব্যবস্থাপনার বেড়াজালে নাকাল কালীগঞ্জ ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারে হুমকির মুখে জনজীবন

অব্যবস্থাপনার বেড়াজালে নাকাল কালীগঞ্জ ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারে হুমকির মুখে জনজীবন

মো:রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা পরিণত হয়েছে বৈদ্যুতিক মৃত্যুফাঁদে। শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি, মোড় ও বাজার এলাকাজুড়ে বিদ্যুৎ পোলের উপর ঝুলছে সুরক্ষা বিহীন বৈদ্যুতিক, ক্যাবল এবং ফাইবার অপটিক তার। এ অবস্থায় জনজীবন প্রতিনিয়ত ঝুঁকির মুখে রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এলোমেলোভাবে ঝুলন্ত এই তারগুলোর বেশিরভাগই নিয়মবহির্ভূতভাবে সংযোগ দেওয়া। বিভিন্ন বেসরকারি সংস্থা ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান পরিকল্পনাহীনভাবে তার টেনে যাচ্ছে। ফলে একদিকে যেমন তৈরি হচ্ছে বৈদ্যুতিক দুর্ঘটনার সম্ভাবনা, অন্যদিকে নগরের সৌন্দর্যও ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, একের পর এক নতুন সংযোগ দেওয়া হচ্ছে, অথচ পুরনো তারগুলো অপসারণ বা সঠিকভাবে স্থাপন করা হচ্ছে না। ফলে অনেক জায়গায় তারগুলো রাস্তায় নেমে এসেছে। বর্ষাকালে এসব ভেজা তার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয়। এরই মধ্যে শহরের কয়েকটি স্থানে শর্ট সার্কিট ও আগুন লাগার ঘটনা ঘটেছে, যাতে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। ট্রান্সমিটার ও সার্কিট ব্রেকারের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলোরও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুধু শহর নয়, কালীগঞ্জ উপজেলার আশপাশের ইউনিয়ন এলাকাগুলোতেও একই ধরনের বৈদ্যুতিক ঝুঁকির চিত্র দেখা যাচ্ছে। অথচ স্থানীয় প্রশাসন বা বিদ্যুৎ বিভাগ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান বলেন, “প্রতিদিন আমরা মৃত্যুর সঙ্গে বসবাস করছি। বাচ্চারা স্কুলে যাওয়ার সময় এই তারের নিচ দিয়ে হেঁটে যায়। কারও যদি হাত লেগে যায়, কী হবে কে জানে?”

এ প্রসঙ্গে কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমাদের নজরে আছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” তবে কবে নাগাদ সমস্যা সমাধান হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

নগরবাসীর দাবি, অনতিবিলম্বে বৈদ্যুতিক তারের জঞ্জাল অপসারণ, পরিকল্পিত সংযোগ প্রদান এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে জোরদার করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় তদারকি নিশ্চিত করে জনজীবনের নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!