প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৯:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৫, ১২:৩৬ অপরাহ্ণ
রবিতে ইইসি ও এনডিপির যৌথ উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

বিশ্ব পরিবেশ দিবস -২০২৫ উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে (রবি) ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এবং অর্থনীতি বিভাগের সহশিক্ষামূলক ক্লাব ইকোনমিকস এক্সিলেন্স সেন্টার এর যৌথ উদ্যোগে " কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী" অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০জুন) বিকাল ৫টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর উদয়ন কনফারেন্স হলে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নজরুল ইসলাম এবং আরো উপস্থিত ছিলেন এনডিপির প্রজেক্ট ম্যানেজার আব্দুল মালেক আকন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. ফিরোজ আহমদ বলেন, "পরিবেশ এর দূষন কমাতে পরিবেশের সবকিছুকে আমাদের অনুধাবন করতে হবে"। অনুষ্ঠানটির এক পর্যায়ে এনডিপি'র প্রজেক্ট ম্যানেজার আব্দুল মালেক আকন্দ বলেন, "আমরা পরিবেশকে বিভিন্নভাবে দূষিত করছি যার মধ্যে অন্যতম কারণ প্লাস্টিক দূষণ। প্লাস্টিক দ্রব্য আমাদের জীবনের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত থাকায় প্লাস্টিক দূষণ রোধ করা হয়তো কঠিন কিন্তু আমরা এর (প্লাস্টিক) ব্যবহারে মাত্রা কমিয়ে পরিবেশ দূষণ রোধ করতে পারি"। এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নজরুল ইসলাম বলেন, " পরিবেশ কে বাঁচাতে আমাদের তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে"।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইকোনমিকস এক্সিলেন্স সেন্টারের মডারেটর ও অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ সামসুদ্দীন সরকার। তিনি বিশ্ব পরিবেশ রক্ষায় শিক্ষাবিদ ও ছাত্রছাত্রীদের ভূমিকার গুরুত্বের ওপর জোর দেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন বাংলা বিভাগের জুয়েল রানা। দ্বিতীয় স্থান অর্জন করেন অর্থনীতি বিভাগের আকাশ কুমার সাহা এবং তৃতীয় স্থান অধিকার করেন বাংলা বিভাগের কাকলী আক্তার। বিজয়ীদের হাতে মনোজ্ঞ পুরস্কার তুলে দেন উপাচার্যসহ উপস্থিত সম্মানিত অতিথিরা।
আয়োজিত কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের মধ্যে বিষয়ভিত্তিক জ্ঞানচর্চা সম্প্রসারণে একটি ইতিবাচক ভূমিকা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.