প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৫, ১:২৮ অপরাহ্ণ
ইতিমধ্যে একটি দল ভোটের জন্য পাপাচারে লিপ্ত হয়ে গেছে:-আযম খান

মো. মোশারফ হোসেন: বিএনপি ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ইতিমধ্যে একটা দল নির্বাচনে মাঠে নেমে গেছে তারা বাড়িতে বাড়িতে ঢুকে বলছে আমাদের ভোট দেবেন, আমরা বেহেস্তের টিকিট নিয়ে এসেছি (নাউজুবিল্লাহ মিন জালেক) তারা এই ধরনের পাপাচারে লিপ্ত হয়ে গেছে ভোটের জন্য। বেহেস্তের টিকেট তো দিতে পারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন। তিনি কোন দলের কথা বলেছেন তা স্পষ্ট নয়। পরিবেশ ও বন উপদেষ্টা ড. রেজওয়ান আহসানকে উদ্দেশ্য করে আযম খান বলেন, আমি জানি আপনি দেশ প্রেমিক একজন উপদেষ্টা আপনি সখিপুরের সাধারণ মানুষের দিকে একটু তাকান। আটিয়া বন অধ্যাদেশ ৮২ একটি কালো আইন। তিনি বলেন জনগনের বসত বাড়িতে বনায়ন করবেন না। আমরা জনগণের ভোটে সংসদে যেতে পারলে এই কালো আইন বাতিলের বিল আনব। কিন্তু সেটা তো আরো এক বছর, সে পর্যন্ত সখিপুরের মানুষের ঘর-বাড়ি ভেঙে বসতভিটা থেকে উচ্ছেদ করবেন না, তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে।
আযম খান, নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপিতে কোন চাঁদাবাজ, দখলবাজ ও তদবিরবাজদের জায়গা হবেনা। কোন নেতা-কর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে তাদের দল থেকে বের করে দিয়ে পুলিশে দেওয়া হবে। এসময় তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দেন। ২৭ জুন শুক্রবার সন্ধ্যা ছয়টায় টাঙ্গাইলের সখিপুর ডাকবাংলা মাঠে নেতা-কর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সখিপুর উপজেলা বিএনপি'র সভাপতি শাহজাহান সাজু'র সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, মোঃ আমজাদ হোসেন মাস্টার , পৌর বিএনপি সভাপতি মো: নাসির উদ্দিন, সম্পাদক মীর আবুল হাসেম আজাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সবুর রেজা, বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমূখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.