
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায়৬ দফা দাবীতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলা স্বাস্থ্য সহকারীরা (এইচএ)। গতকাল মঙ্গলবার(২৪জুন) বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রিয় দাবী বাস্তবায়ন সমন্বয় পরিষদ এর নির্দেশনা মোতাবেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন রৌমারী শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী গ্রেড উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন রৌমারী শাখার সভাপতি মো. আবু হানিফ, সহ-সভাপতি মো. মশিউর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ, সহ-সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নুসরত আমিন জাহিদ সহ, স্বাস্থ্য সহকারী জহুরুল ইসলাম ও আমেনা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা আরও বলেন, প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ধারাবাহিকতা বজায় রেখে উচ্চতর গ্রেড প্রদান সময়ের দাবি।
বক্তারা দ্রুত এই ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষের প্রতি আহবান জানান এবং দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুন
আশুরার আত্মত্যাগের মহান শিক্ষা আমাদের সকলেরই গ্রহণ করতে হবে: খাজাবাবা কুতুববাগী।
কোস্ট গার্ডের অভিযান: ১ কেজি গাঁজা ও অটোরিকশাসহ দুই মাদক কারবারি আটক
সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়ন বিএনপির মাদক বিরোধী সমাবেশ