
পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা গ্রামে মোখলেছুর রহমান চৌধুরীর বিরুদ্ধে নানা অপকর্ম, ভয়ভীতি ও হয়রানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। সোমবার দুপুরে কালিয়াগঞ্জ-বড়শশী সড়কের পাশে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শতাধিক এলাকাবাসী অংশ নেয়।
মানববন্ধনে স্থানীয় মিজানুর রহমান, আখিমুল ইসলাম, আপনসহ অনেকে অভিযোগ করেন, নিজেকে প্রভাবশালী ও প্রাক্তন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে মোখলেছুর দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের নামে ফেসবুকে অপপ্রচার, চাঁদাবাজি, ব্যবসায়ীদের হয়রানি, এমনকি আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ভয় দেখিয়ে আসছেন। তার বাগান থেকে সুপারি কিনে ব্যবসায়ীরা প্রতারিত হয়েছেন, কিছুদিন আগে তাদের কোদাল দিয়ে তাড়িয়েছেন বলেও অভিযোগ ওঠে।
বক্তারা বলেন, মোখলেছুর নিজেকে কখনও সাংবাদিক, কখনও রাজনৈতিক পরিচয়ে ব্যবহার করে প্রতারণা করে আসছেন। কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে সাইবার আইনে মামলা ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তুলে নেওয়ার হুমকি দেন। তার এসব কর্মকাণ্ডে পুরো এলাকা আতঙ্কিত।
এ বিষয়ে বড়শশী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, “মোখলেছুরের অপকর্ম বহু আগ থেকেই চলছে। স্থানীয়ভাবে একাধিকবার বিচার হয়েছে। তবে সে সংশোধন হয়নি। করোনা সময় ট্রাক চালকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায়, চাকরি দেয়ার নামে টাকা নেয়া ও ফেরত না দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।”
মানববন্ধন শেষে গ্রামবাসী মালকাডাঙ্গা বাজারে বিক্ষোভ মিছিল করে মোখলেছুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ