প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৫, ২:১৫ অপরাহ্ণ
তজুমদ্দিনে ধরা পড়ল তিন কেজির ইলিশ, ঢাকায় বিক্রির জন্য উঠল সাত হাজারে!

মেহেদী হাসান মামুন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে ধরা পড়েছে এক বিরল ও বিশাল আকৃতির ইলিশ মাছ, যার ওজন ৩ কেজি ১০০ গ্রাম। মাছটি আজ সকালে ধরা পড়ে সোনাপুর ইউনিয়নের মহেশখালী ঘাট এলাকায়, স্থানীয় রাকিব মাঝির জালে।
স্থানীয় বাজারে তোলার আগেই মাছটি দেখে আগ্রহী হয়ে ওঠেন একদল পাইকার। তারা মাছটি কিনে নেন ৭ হাজার ২০০ টাকায়, ঢাকায় নিয়ে আরও বেশি দামে বিক্রি করার উদ্দেশ্যে।
স্থানীয়রা জানিয়েছেন, মেঘনা নদীতে এতো বড় ইলিশ খুব একটা দেখা যায় না। মাঝেমধ্যে বড় আকৃতির মাছ পাওয়া গেলেও তিন কেজির উপরের ইলিশ অত্যন্ত বিরল। ফলে মাছটি ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। অনেকে ঘাটে এসে মাছটি দেখতে ভিড় জমায়, কেউ কেউ ভিডিও করে ছড়িয়ে দেন সামাজিক মাধ্যমে। মাছটি কেনা ব্যবসায়ীরা জানিয়েছেন, ঢাকার অভিজাত বাজারে এই ইলিশের দাম উঠতে পারে ১০ হাজার টাকার কাছাকাছি, এমনকি তারও বেশি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.