
মো:রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া এলাকায় ট্রাকচাপায় বন্যা খাতুন (২৬) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ- কুষ্টিয়া মহাসড়কের কানাপুকুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বন্যা খাতুন শৈলকুপা উপজেলার পদমদি গ্রামের সোহান আলীর স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বন্যা খাতুন এক অজ্ঞাত ব্যক্তির মোটরসাইকেলে করে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। পথে মহাসড়কের কানাপুকুরিয়া এলাকায় একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বন্যা খাতুনের মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, ট্রাকচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।