
মো:রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: লিবিয়া থেকে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে ছানোয়ার হোসেন (৩৫) নামের এক বাংলাদেশিকে লিবিয়ার একটি অজ্ঞাত নির্জন স্থানে আটকে রেখে নির্যাতন ও বিপুল পরিমাণ মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের হাসানহাটি গ্রামের আলামিন ও জহির।
ভুক্তভোগীর স্ত্রী নার্গিস বেগম গত ২৯ মে চুয়াডাঙ্গার দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া, তিনি কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদারের সঙ্গে সরাসরি দেখা করে বিস্তারিত জানান। অভিযোগ সূত্রে জানা যায়, ছানোয়ার হোসেন গত দুই বছর ধরে লিবিয়ায় কর্মরত ছিলেন। সেখানেই আলামিনের সঙ্গে তার পরিচয় হয়। আলামিন তাকে ইতালি পাঠানোর আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ছানোয়ারের পরিবার থেকে ছয় লাখ টাকা নেন। টাকার যোগান দিতে ছানোয়ারের পরিবার তাদের ভিটেবাড়ি পর্যন্ত বিক্রি করে দেন।
কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ইতালি না পাঠিয়ে আলামিন ছানোয়ারকে লিবিয়ার একটি অজ্ঞাত স্থানে আটকে রাখেন এবং পরবর্তীতে মুক্তিপণ হিসেবে আরও পনের লাখ টাকা দাবি করেন। ছানোয়ারকে মারধর করে মোবাইল ফোনে ভিডিও পাঠানোর মাধ্যমে মানসিক চাপও সৃষ্টি করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ছানোয়ারের স্ত্রী নার্গিস বেগম বলেন, “আমার স্বামীকে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন করছে। আমরা এর ন্যায়বিচার চাই। আমি দর্শনা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে।” কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম হাওলাদার জানান, “ভুক্তভোগী পরিবার আমাদের থানায় এসেছে। তাদের সব ধরনের আইনি সহায়তার আশ্বাস দিয়েছি। যদি দর্শনা থানা থেকে অভিযোগ আসে, তাহলে যৌথভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে দর্শনা থানা পুলিশ এখনও তদন্ত কার্যক্রম শুরু করেছে কিনা তা জানা যায়নি। তবে ছানোয়ারের পরিবারের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে তার জীবনের ঝুঁকি বেড়ে যেতে পারে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল