
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : প্রায় দুই হাজার কৃষকের মুখে হাসি,সহশ্রাধিক একর কৃষি জমি উর্বরতা সৃষ্টির লক্ষ্যে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা খাল খনন কাজ উদ্বোধন হয়েছে । মঙ্গলবার (২৮ মে) বিকাল সাড়ে ৫টায় পহরচাঁদা খালে ভেকু গাড়ি দিয়ে খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান ।
৭নং ওয়ার্ড মেম্বার আব্দুশ শুকুর,৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার বুলবুল জান্নাত, মাষ্টার কামাল উদ্দিন, শ্রমিক নেতা শওকতুল ইসলাম, জমির উদ্দিন, ডা: জামাল উদ্দিন, কমর উদ্দিন রিপন, সাইদুল সাওদাগর, ছাত্রনেতা শাহেদসহ স্থানীয় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
এই খাল কাটার পর থেকে খালটি কখনও পুনঃখনন করা হয়নি। খালটি দুইপাশের মাটি জমে মরে যায়। পানির অভাবে অনেক জমির বোরো চাষাবাদ বন্ধ হয়ে গেছে। জসিম উদ্দিন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, খালটির নাব্যতা সংকটের কারণে বোরো চাষের ওপর নির্ভরশীল চাষিদের পরিবারও চরম সংকটের মধ্যে দিন পার করছিলেন। তবে, খাল খনন হয়ে গেলে ও পানির প্রবাহ ঠিক থাকলে আগামীতে আবারও ক্ষেতগুলো বছরজুড়ে ফসলে ভরে থাকবে। কৃষকের মুখেও হাসি ফুটবে।
কৃষক নেতা শওকতুল ইসলাম বলেন, দীর্ঘদিন পরে হলেও বর্তমান চেয়ারম্যানের প্রচেষ্ঠায় সরকারের মহতী উদ্যোগে খালটি পুনঃখননের কাজ শুরু করা হয়েছে। ইতোমধ্যে যতটুকু খাল পুনঃখনন করা হয়েছে তাতেই এখন এলাকাবাসী মরা খালে পানির যৌবন ফিরে আসার স্বপ্ন দেখছেন ।