
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ লোহার গারদের ভিতর বাবা। গারাদখানার সামনে হাজির ছোট্ট ছেলে। কিন্তু বাবা-ছেলের ভালোবাসার মাঝে লোহার গারদ-ও বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। বাবা-ছেলের ভালোবাসার এমন একটি ছবি মুহুর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় কারারুদ্ধ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলামকে শুনানির জন্য আদালতে হাজির করা হয়। এসময় খবর পেয়ে কামরুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে বাবাকে একনজর দেখতে আদালতের গারদখানার সামনে হাজির হয়েছিল তার ছোট ছেলে তাশরিফ ইসলাম। একপর্যায়ে গারদখানার জানালার লোহার শিক ভেদ করে ছেলেকে জড়িয়ে ধরেন বাবা কামরুল ইসলাম। অবুঝ শিশুও বাবাকে পেয়ে জড়িয়ে ধরেন। পরে ছেলেকে জড়িয়ে ধরে চুমু দেয় বাবা। এসময় সেই দৃশ্য মোবাইলে ধারণ করেন কেউ। পরে ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এক ব্যক্তি লিখেন, কারাগারে বাবা-ছেলের ভালোবাসা। যা মুহূর্তেই ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
বুধবার (২৮ মে) সকাল ১১টার দিকে ফরিদপুর আদালতের গারদখানায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন, কামরুল ইসলামের ছোট ভাই আমজাদ হোসেন জুয়েল।
জানা গেছে, একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কামরুল ইসলাম, তার আপন দুই সহোদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা কৃষক লীগের আহবায়ক শেখ দেলোয়ার হোসেন ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম শেখ সহ আলফাডাঙ্গা উপজেলার আওয়ামী লীগের ২১ জন নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত ১২ মে দুপুরের দিকে ফরিদপুরের জেলা ও দায়রা জজ জিয়া হায়দার এ আদেশ দেন।
ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ জানান, ‘হাইকোর্ট থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন ওই ২১ নেতা। চার সপ্তাহের জামিন শেষে গত ১২ মে সকালে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন তারা। পরে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
প্রসঙ্গত, চলতি বছরের গত ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার। এ মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত