
মো:রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিল। প্রতিপক্ষের লাঠির আঘাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামে প্রাণ হারালেন নায়েব আলী মোল্লা (৬০) নামের এক বৃদ্ধ।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলার ৮ নং মালিয়াট গ্রামের মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নায়েব আলী ওই গ্রামের বাসিন্দা আব্দুল মোল্লার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, একই গ্রামের ইউনুস আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে নায়েব আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে সেই বিরোধ আবারও চরমে পৌঁছে। কথার লড়াই গড়ায় হাতাহাতিতে। একপর্যায়ে ইউনুস আলী ও তার ছেলে আলামিন হোসেন উত্তেজিত হয়ে নায়েব আলীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ।
স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।”

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক