
মো:রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর এলাকায় একটি দোকান থেকে ধারালো অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার শহরের শিবনগর মন্দিরের পাশের একটি ভাড়া দোকান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দোকানটি ছাত্রলীগ কর্মী রুবেল হোসেনের বলে নিশ্চিত করেছে পুলিশ। স্থানীয়রা জানান, রুবেল হোসেন শিবনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকটি ধারালো দা, হাঁসুয়া, চাইনিজ কুড়াল, হাতুড়ি, একটি ককটেল সদৃশ বস্তু, লোহার রড এবং রেললাইনের পাথর উদ্ধার করে। ঘটনার সময় রুবেল হোসেন পলাতক ছিলেন, তবে তার মা দোকানে উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল হোসেন শিবনগর মন্দিরের পাশে আক্তার হোসেনের একটি দোকান ভাড়া নিয়ে আসবাবপত্র তৈরির কাজ করছিলেন। সোমবার সকালে একটি তুচ্ছ ঘটনায় চঞ্চল নামে এক যুবককে মারধর করার পর ঘটনাটি জানাজানি হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে অস্ত্র ও সন্দেহজনক বস্তু উদ্ধার করে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী জানান, “স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে অস্ত্র ও একটি কালো টেপ মোড়ানো বস্তু উদ্ধার করি। এটি বিস্ফোরক কিনা, তা পরীক্ষা করে নিশ্চিত হওয়া যাবে।” ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।”