প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৫, ৩:৩১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে হোটেল কর্মচারী আরাফাত হত্যার রহস্য উদ্ঘাটন করলো ডিবি পুলিশ

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হোটেল কর্মচারী আরাফাত খান খুনের ঘটনায় দুই নারী ও পুরুষকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। রোববার (২৫ মে) বিকেলে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১) এর বিচারক মো. আলমগীর হোসেন তাদের জবানবন্দি রেকর্ড করেন। এর আগে শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের মন্ডলপাড়ার আলম শেখের ছেলে মো. ফিরোজ (২১) ও সলঙ্গা থানার তারুটিয়া উত্তরপাড়ার শামসুল হকের মেয়ে জুলেখা খাতুন (২১)।
সিরাজগঞ্জ ডিবির অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, গত ২৩ মে সকালে হাটিকুমরুল গোলচত্বরের পাশে সওজ অফিসের পরিত্যক্ত ভবনের পিছন থেকে হোটেল কর্মচারী আরাফাত খানের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী শাপলা খাতুন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর ডিবি পুলিশ মামলার তদন্ত শুরু করে। তদন্ত চলাকালে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শনিবার রাতে প্রথমে আসামি ফিরোজকে হাটিকুমরুল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এরপর ফিরোজের দেয়া তথ্যমতে জুলেখা খাতুনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রোববার বিকেলে গ্রেফতারদের আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এরপর সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানো হয়।
ওসি আরও বলেন, জবানবন্দিতে আসামি ফিরোজ জানিয়েছে; সে আগের একটি চুরির ভাগের ৫ হাজার টাকা আরাফাত খানের কাছে পাওনা ছিল। এ অবস্থায় গত ২২ মে রাতে আরাফাত হাটিকুমরুল গোলচত্বরের পাশে সওজ অফিসের পরিত্যক্ত ভবনের পিছন থেকে পাইপ চুরি করতে যায়। আসামি ফিরোজ আরও দুইজন সহযোগীসহ সেখানে উপস্থিত হয়।
এক পর্যায়ে সেখানেই আরাফাতের কাছে পাওনা টাকার জন্য তাগাদা দেয় ফিরোজ। এতে দুইজনের মধ্যে কথাকাটাকাটি এক পর্যায়ে আরাফাত প্রথমে ফিরোজকে সজোরে চড় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ফিরোজ ও জুলেখা খাতুন মিলে ইট দিয়ে আরাফাতের মাথা ও মুখ থেতলে দিয়ে হত্যা করে।
নিহত হোটেল কর্মচারী আরাফাত খান (৩৫) ফরিদপুরের কোতোয়ালি উপজেলার আলিপুর পাকিস্থানপাড়ার মোহাম্মদ হানিফের ছেলে। তিনি সলঙ্গা থানার রাধানগর গ্রামের শাপলা খাতুন নামে এক নারীকে বিয়ে করে সেখানেই ভাড়া বাসায় থাকতেন এবং হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.