
মো:রাফাত হোসেন,কালীগঞ্জ ,ঝিনাইদহ প্রতিনিধি: যশোর-ঝিনাইদহ মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার লক্ষ্যে শুরু হওয়া জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ তুলে মানববন্ধনে নেমেছেন কালীগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত জমি ও স্থাপনা মালিকরা। সোমবার সকাল ১০টায় “৬ লেন রোড নির্মাণ ক্ষতিগ্রস্ত জমি ও বাড়ির মালিকগণ” কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। ২০২০ সালে একনেক কর্তৃক অনুমোদিত এ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালের ১ জানুয়ারি। প্রকল্প বাস্তবায়নে প্রায় ৪৮ কিলোমিটার সড়ক সম্প্রসারণের জন্য ৩০৪ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। তবে দীর্ঘ তিন বছরের বেশি সময় অতিক্রম করলেও জমির মালিকরা এখনো ন্যায্য ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ করেন।
মানববন্ধনে অংশ নিয়ে তহিদুল ইসলাম তহিদ বলেন, “সরকার রাস্তা নির্মাণ করুক, আমরা তার পক্ষেই আছি। তবে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য যেন সঠিক সময়ে প্রদান করা হয়। প্রকল্পের ধীরগতির কারণে ব্যবসায়িকভাবে আমাদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।”
ভুক্তভোগী জামান উদ্দিন অভিযোগ করেন, “১৯৪৭ সালের পুরোনো পর্চার ভিত্তিতে জমির মূল্য নির্ধারণ করা হয়েছে। অথচ এখনকার কালিগঞ্জ শহর অনেক আধুনিক এবং উন্নত। ফলে বর্তমান বাজার মূল্যের তুলনায় সরকার নির্ধারিত মূল্য অনুপাতহীন।” কালিগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহবায়ক তৈবুর রহমান মিনি বলেন, “প্রয়োজনের চেয়ে বেশি জমি রাজনৈতিক প্রতিহিংসার কারণে অধিগ্রহণ করা হয়েছে। আমাদের দাবি, অবিলম্বে বর্তমান বাজারদরের ভিত্তিতে জমির মূল্য নির্ধারণ, স্থাপনাগুলোর পূর্ণ ক্ষতিপূরণ প্রদান এবং অতিরিক্ত জমি অধিগ্রহণ বন্ধ করা হোক।”
মানববন্ধনে আরও উল্লেখ করা হয়, চলমান ফ্লাইওভারের নির্মাণে অতিরিক্ত জমি নেওয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এছাড়া কোটচাঁদপুর রোডের সংযোগ nসড়কে বর্ধিত জমি অধিগ্রহণ বন্ধের দাবি তোলা হয়েছে।