হোম » সারাদেশ » কালীগঞ্জে লেখক প্রশান্ত হালদারের বাড়িতে অগ্নিকাণ্ড, থানায় অভিযোগ দায়ের

কালীগঞ্জে লেখক প্রশান্ত হালদারের বাড়িতে অগ্নিকাণ্ড, থানায় অভিযোগ দায়ের

মো:রাফাত হোসেন,কালীগঞ্জ ,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার লেখক ও নাট্যশিল্পী প্রশান্ত কুমার হালদারের পৈতৃক ভিটায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রঘুনাথপুরের নাটাবাড়িয়া এলাকার হালদার বাড়িতে। স্থানীয়দের সহযোগিতায় ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ঘরের পিছনে রাখা বিচলী, খড়, কাঠের স্তুপ এবং গবাদিপশুর গোয়ালঘর। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেদারুল ইসলাম এবং থানার তদন্ত কর্মকর্তা মোফাজ্জেল হোসেনসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। অগ্নিকাণ্ডের বিষয়ে বাড়ির মালিক নির্মল হালদার জানান, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বাড়ির মূল ভবনের পেছনে আগুন ধরিয়ে দেয়। ঘুমন্ত অবস্থায় পরিবারের সদস্যরা চিৎকার শুনে জেগে ওঠেন এবং প্রতিবেশীদের সহায়তায় পরিস্থিতি সামাল দেন।

ভোরের কাগজের বিনোদন বিভাগের প্রধান ও প্রশান্ত হালদারের বোন শ্রাবনী হালদার রাখী জানান, ঘটনার খবর পেয়ে তিনি ঢাকাপ্রবাস থেকে দ্রুত বাড়িতে ছুটে আসেন। তিনি বলেন, প্রতিবেশীরা সহযোগিতা না করলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতে পারত।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেদারুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!