
মো:রাফাত হোসেন,কালীগঞ্জ ,ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশে নন-জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট (এনজিএসও) ইন্টারনেট নীতিমালার আওতায় এখন ব্যক্তি উদ্যোগে স্টারলিংক ইন্টারনেট সেবা গ্রহণ করে তা আশপাশের গ্রাহকদের মধ্যে শেয়ার করার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে ঘিরে গ্রাম্য বাজারে ইন্টারনেট ভিত্তিক ব্যবসা গড়ে তোলার সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। একজন উদ্যোক্তা চাইলে নিজ উদ্যোগে স্টারলিংক কিট কিনে আশপাশের দোকান বা গ্রাহকদের মধ্যে ওয়াইফাই শেয়ার করে ইন্টারনেট বিতরণ করতে পারবেন। ৫০ মিটার রেঞ্জে গ্রাম্য বাজারেও এটি হতে পারে একটি ব্যবসায়িক মডেল হিসাবে।স্টারলিংকে যেহেতু বিল্ডই ইন রাউটার আছে সেহেতু রাউটার থেকে রাউটারে আইএসপি সেটাআপও ব্যবহার করা সম্ভব।
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা, যা প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এলন মাস্কের স্পেসএক্স পরিচালিত এই উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ এখন দেশের এমন এলাকাতেও ইন্টারনেট সেবা প্রদান করতে সক্ষম, যেখানে ফাইবার অপটিক নেটওয়ার্ক এখনও স্বপ্ন। একটি স্ট্যান্ডার্ড স্টারলিংক কিটের দাম ৪৭,০০০ টাকা যেখানে অন্তর্ভুক্ত রয়েছে স্যাটেলাইট ডিশ, রাউটার, ট্রাইপড ও কেবল । ছোট আকারের মিনি কিটের দাম ২৪,০০০ টাকা, যা ভ্রাম্যমাণ ব্যবহারের জন্য উপযুক্ত। স্টারলিংকের সেবা নিতে হলে ব্যবহারকারীকে প্রথমে প্রবেশ করতে হবে starlink.com ওয়েবসাইটে। সাইটে ঠিকানা যাচাই করার পর দেখা যাবে সেবাটি সংশ্লিষ্ট এলাকায় উপলব্ধ কিনা। এরপর বেছে নিতে হবে রেসিডেনশিয়াল (স্থির সংযোগ) বা রোম (ভ্রাম্যমাণ সংযোগ) অপশন। রেসিডেনশিয়াল সংযোগে রয়েছে দুইটি প্যাকেজ: ৬,০০০ টাকায় পূর্ণ গতি ও ৪,২০০ টাকায় সীমিত গতির সংযোগ। রোম সংযোগের জন্য ৫০ জিবি ব্যবহারে খরচ ৬,০০০ টাকা, আর আনলিমিটেড ডেটার জন্য মাসিক ১২,০০০ টাকা ধার্য করা হয়েছে। পেমেন্ট করতে হবে আন্তর্জাতিক কার্ডের (ক্রেডিট বা ডেবিট কার্ডে) মাধ্যমে।
ইন্সটলেশন প্রক্রিয়া ব্যবহারকারী বান্ধব হলেও একটি বাধা রয়েছে, স্যাটেলাইট ডিশটি স্থাপন করতে হবে এমন স্থানে যেখান থেকে খোলা আকাশ দৃশ্যমান। ঘরের ছাদ, উঠান কিংবা বারান্দা হতে পারে আদর্শ স্থান। বাংলাদেশে ১০০ থেকে ২০০ এমবিপিএস পর্যন্ত স্পিড পাওয়া যেতে পারে। লাইভ ব্রডকাস্টিং কিংবা দুর্যোগকালে জরুরি যোগাযোগে এটি কার্যকর। তবে খরচ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার তুলনায় অনেক বেশি। এছাড়া খারাপ আবহাওয়ায় সংযোগ ব্যাহত হওয়ার ঝুঁকিও রয়েছে। স্টারলিংকের রোমিং ফিচার, সহজ ইন্সটলেশন ও উচ্চগতির কারণে এটি হতে পারে গবেষণা, মিডিয়া, এনজিও ও জরুরি সেবাদাতাদের জন্য কার্যকর সমাধান। তবে বাংলাদেশের বাজারে এর টিকে থাকা অনেকটাই নির্ভর করবে খরচ, আবহাওয়া এবং সরকারের নীতিমালার উপর।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা