
মো:রাফাত হোসেন,কালীগঞ্জ ,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের প্রমাণ মিলেছে। প্রকৌশল বিভাগের তদন্তে অনিয়ম ধরা পড়ায় সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে অবৈধ সামগ্রী সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশ জানান, গত ২১ মে স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং: ৪৬.০২.৪৪৩৩.০০০.১৪.০০৯.২৫-৪৬৩) নির্মাণ কাজে ব্যবহৃত স্পেসিফিকেশন বহির্ভূত ইট, বালু ও খোয়া সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তার ভাষায়, "নিম্নমানের উপকরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" স্থানীয় সূত্রে জানা যায়, এলজিইডির অধীনে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শীর্ষ প্রকল্পের আওতায় কাশিপুর থেকে সুন্দরবন বাজার পর্যন্ত তিন কিলোমিটার সড়ক নির্মাণ করছে মেসার্স ফিরোজ এন্টারপ্রাইজ।
প্রাক্কলিত ব্যয় প্রায় ২ কোটি ৩৬ লাখ টাকা। কিন্তু রাতের আঁধারে স্থানীয় একটি ইটভাটা থেকে সস্তা ইট ও বালির খোয়া এনে সড়ক নির্মাণে ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ উঠে। সরেজমিন তদন্তে সেই অভিযোগের সত্যতাও মিলেছে। সড়কপাড়ের স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সিডিউল অনুযায়ী এজিংয়ের দুই পাশে মাটি ব্যবহার করা হয়নি। এতে অল্প বৃষ্টিতেই সড়ক ধসে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফিরোজ এন্টারপ্রাইজের প্রতিনিধি কাজী মর্তুজা হিরো বলেন, “সড়কে কিছুটা নিম্নমানের সামগ্রী ব্যবহৃত হয়েছে, তবে সব নয়। এই ঘটনায় আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে। আশা করি বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।” জেলা নির্বাহী প্রকৌশলী মো. মনোয়ার উদ্দিন বলেন, “নির্মাণ কাজে অনিয়ম হলে তা কোনোভাবেই সহ্য করা হবে না। প্রয়োজনে কাজ বন্ধ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”