
মো:রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া প্রায় ১১৯ কোটি ৬৪ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিজিবি জানায়, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত ১৫ মাসে মহেশপুর ও জীবননগর সীমান্ত এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ১১৯ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ২০২ টাকা। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে: ২৫,৮১৩ বোতল ভারতীয় ফেনসিডিল, ৩৮,৯৮০ বোতল মদ, ১৩০ কেজি গাঁজা, ৬৫,১৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৭ কেজি হেরোইন, ৭৯ কেজি কোকেন, ৭ কেজি ক্রিস্টাল ম্যাথ আইস, ২৯ বোতল এলএসডি, ২১,৩১৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ৩০,০৭০ পিস ট্যাপেন্টাল ট্যাবলেট, ৯,৮৪৫ পিস ভারতীয় ওষুধ ও ৯,৯৬০ পিস বাংলাদেশি ওষুধ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবিব। সভাপতিত্ব করেন মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম। লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, “বিজিবি সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করেছে। সীমান্ত নিরাপত্তা ও দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে।” অনুষ্ঠানে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার সরকারি কর্মকর্তা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার