
মো:রাফাত হোসেন,কালীগঞ্জ ,ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর কোরবানি ঈদ উপলক্ষে নির্ধারিত শুটিং কার্যক্রম ব্যাহত হয়েছে অতিরিক্ত জনসমাগম ও আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে। শনিবার (১৭ মে) সন্ধ্যায় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর কৃষি খামারের কুশাডাঙ্গা বটতলা প্রাঙ্গণে অনুষ্ঠানটির ধারণ কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা নির্ধারিত সময়ে সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে শুটিং স্পটে প্রায় ১০ হাজার দর্শকের উপস্থিতি ঘটে। জনসাধারণ নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে পড়ে, ফলে শুটিং শুরু করতে বিলম্ব হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। এরই মধ্যে রাত ৮টার দিকে হঠাৎ ঝড় ও ভারী বৃষ্টিপাত শুরু হলে দর্শকদের মধ্যে হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে বিশৃঙ্খলা আরও বেড়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত দর্শক জানা যায় , বৃষ্টি শুরু হলে তারা বসার জন্য রাখা চেয়ার মাথার উপর তুলে ধরেন বৃষ্টি থেকে বাঁচার জন্য।
আইনশৃঙ্খলা বাহিনী ও আয়োজক কমিটি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও আবহাওয়ার প্রতিকূলতার কারণে শুটিং কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন ঘটনাস্থলে দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা। পরবর্তীতে, পরিবেশ অনুকূলে এলে মধ্যরাতের দিকে স্বল্প পরিসরে অনুষ্ঠানটির শুটিং সম্পন্ন করা হয়। প্রসঙ্গত, ১৯৮৯ সালে যাত্রা শুরু করা ‘ইত্যাদি’ হানিফ সংকেতের উপস্থাপনায় দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান। দেশের ইতিহাস, ঐতিহ্য ও সামাজিক বার্তা নিয়ে নির্মিত এ অনুষ্ঠান বিভিন্ন অঞ্চলে গিয়ে ধারণ করা হয় এবং প্রতি ঈদে বিশেষ পর্ব প্রচারিত হয়ে থাকে।