
মো:রাফাত হোসেন,কালীগঞ্জ ,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ শহরে বাইসাইকেল চুরির চেষ্টা করার সময় ধরা পড়া এক চোর স্থানীয়দের এবং পুলিশের সামনে ভয়ঙ্কর হুমকি প্রদান করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মুনছুর প্লাজা মার্কেটের গলিতে বাইসাইকেল চুরি করতে গিয়ে নয়ন হোসেন নামে ওই চোরকে স্থানীয়রা ধরে ফেলে এবং পরে পুলিশে হস্তান্তর করে। নয়ন হোসেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি লোহার চাবি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, নয়ন হোসেন পুলিশি হেফাজতে থাকার সময় স্থানীয়দের উদ্দেশে বলেন, ৫ দিন পর বেরিয়ে আসবো, তারপর তোদের সবাইকে দেখে নেবো। আমাকে ৫ দিনের বেশি আটক রাখা যাবে না। তোদের চেহারা আমি মনে রাখলাম। কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, স্থানীয়দের সহযোগিতায় চোর ধরতে সক্ষম হয়েছি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ এই ধরনের অপরাধ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।