
মো:রাফাত হোসেন,কালীগঞ্জ ,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে গোপন সংবাদের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে প্রায় ২ কেজির বেশি পরিমাণ বিক্রয় নিষিদ্ধ হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কোটচাঁদপুর স্টেশনে ট্রেনটি পৌঁছালে ৫৮ বিজিবির একটি দল এই অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে চেকপোস্ট স্থাপন করে বিজিবি সদস্যরা। ট্রেন স্টেশনে প্রবেশ করার পরপরই ৫৮ বিজিবির একটি চৌকস দল কপোতাক্ষ ট্রেনের ছয় নম্বর বগিতে তল্লাশি অভিযান চালায়।
অভিযানে বগির ৫ ও ৬ নম্বর সিটের উপরের ল্যাগেজ র্যাক থেকে একটি সন্দেহজনক স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে দেখা যায়, এতে ২ দশমিক ০৩২ কেজি ওজনের হেরোইন রয়েছে। ব্যাগটির কোনো মালিক পাওয়া যায়নি এবং সেটি পরিত্যক্ত অবস্থায় ছিল। বিজিবি কর্মকর্তারা ধারণা করছেন, মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন রুট ব্যবহার করে মাদক পরিবহন করছে। তবে তাদের এই পরিকল্পনা ব্যর্থ করে দেয় বিজিবির তৎপরতা। বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত হেরোইনের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তদন্ত চলছে।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ