হোম » সারাদেশ » মাদরাসা শিক্ষকের মারধরে আহত ছাত্র হাসপাতালে ভর্তি, শিক্ষক আটক

মাদরাসা শিক্ষকের মারধরে আহত ছাত্র হাসপাতালে ভর্তি, শিক্ষক আটক

মো:রাফাত হোসেন,কালীগঞ্জ ,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে তালিমুল কুরআন ক্যাডেট মাদরাসায় আবু সামস (১২) নামের এক হিফজ বিভাগের ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে শিক্ষক হাফেজ আবু জাফরের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে মাদরাসা চলাকালীন সময় এ ঘটনা ঘটে। আবু সামস কালীগঞ্জ উপজেলার বেলাট দৌলতপুর গ্রামের আহসান হাবিবের ছেলে। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। আবু সামসের পিতা আহসান হাবিব জানান, শুধু মুখস্থ পড়া না পারার কারণে শিক্ষক আমার ছেলেকে বেধড়ক মারধর করেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। খবর পেয়ে বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকারিয়া মাসুদ মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যান। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক বলেন, “আমরা লিখিত অভিযোগ পাওয়ার অপেক্ষায় আছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!