
মো:রাফাত হোসেন,কালীগঞ্জ ,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাধুখালী গ্রামে একমাত্র হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের বসতভিটা থেকে উচ্ছেদের আশঙ্কায় রয়েছেন অরুণ বিশ্বাস ও তার পরিবার। অরুণ বিশ্বাস জানান, আমার বাপ-দাদার ভিটায় এখনো বসবাস করছি। গ্রামে আর কোনো হিন্দু পরিবার নেই। আমরা মায়ার টানে পড়ে আছি, কিন্তু এখন যে হুমকি-ধমকি শুরু হয়েছে, তাতে আর কতদিন টিকতে পারবো জানি না।
জানা গেছে, অরুণ বিশ্বাসের পৈতৃক ২৭ শতক জমি নিয়ে প্রতিবেশী আব্দুস সাত্তার ১৯৮৫ সালে আদালতে মামলা করেন, যা ১৯৯০ সালে খারিজ হয়। পরে ২০২১ সালে আদালত সাত্তারের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। তা সত্ত্বেও গত শুক্রবার সাত্তার গং জোরপূর্বক জমিতে ঘর তুলতে গেলে বাধা দেয় অরুণ বিশ্বাসের ছেলে- মেয়েরা। অরবিন্দ বিশ্বাস, যিনি একজন পল্লী চিকিৎসক তিনি বলেন, আমরা নিজের জায়গায় ঘর তুলতে পারছি না। আদালতের আদেশ থাকা সত্ত্বেও তারা আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। এখন বাবা-মা গোয়ালঘরে থাকছেন।
স্থানীয়দের মতে, অরুণ বিশ্বাসদের পরিবার বহু বছর ধরেই এখানে বাস করছে। জোর করে জমি দখল করা খুবই দুঃখজনক। অভিযুক্ত আব্দুস সাত্তারের ছেলে রেজাউল ইসলাম দাবি করেন, এই জমির বৈধ কাগজ আমাদের কাছে আছে।” তবে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।