
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জের সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আসমিন সুলতানা অথৈয় অভিযোগ করেছেন, পরীক্ষার হলে গিয়ে জানতে পারেন তার নির্ধারিত বিষয় পরিবর্তন হয়ে গেছে। কৃষি শিক্ষা ও অর্থনীতি বিষয়ে প্রস্তুতি নিয়েও তিনি পরীক্ষা দিতে বাধ্য হন গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে।
অথচ বিষয় পরিবর্তনের ব্যাপারে তার কোনো আবেদন ছিল না। ঘটনাটি ঘটেছে চলমান এসএসসি ২০২৪ পরীক্ষায়। অথৈয়ের রেজিস্ট্রেশন নম্বর ২২১৩৫৭৫৬০১। মানবিক বিভাগে অধ্যয়নরত অথৈ নবম ও দশম শ্রেণিতে কৃষি শিক্ষা ও অর্থনীতি বিষয়ে পাঠ গ্রহণ করলেও, পরীক্ষা ফরম পূরণের পর তার বিষয় পরিবর্তন হয়ে যায়-যা সে জানতে পারে পরীক্ষার দিনই। অথৈ ও তার পরিবারের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদৌরা আক্তারের বিরুদ্ধে পূর্বে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করায় প্রতিশোধমূলকভাবে এই হয়রানি করা হয়েছে।
গত বছরের ৫ আগস্ট বিদ্যালয়ে এক বৈষম্যবিরোধী আন্দোলনে অথৈ সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন। তার বাবা আব্দুল আলিম জানান, সেই আন্দোলনের পর থেকেই প্রধান শিক্ষিকার আচরণ ছিল প্রতিহিংসামূলক। এ বিষয়ে প্রধান শিক্ষিকা বিদৌরা আক্তার বলেন, “বিষয় পরিবর্তনের ব্যাপারে আমি কিছুই জানি না। অভিযোগগুলো মিথ্যা।” তবে বিষয় কিভাবে পরিবর্তন হলো, সে বিষয়ে তিনি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাদেদারুল ইসলাম জানান, “এ বিষয়ে আমি আগে কিছু জানতাম না। তবে দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে একজন পরীক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হওয়ার আশঙ্কায় সচেতন মহলে ক্ষোভ বিরাজ করছে। শিক্ষার্থী ও অভিভাবকেরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২