প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ণ
হাতীবান্ধায় সাংবাদিকের ওপর হামলা, গ্রেফতার ১

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটে হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভি’র জেলা প্রতিনিধি আব্দুর রহিমের ওপর হামলার ঘটনায় মুন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে হাতীবান্ধা উপজেলার তেল পাম্প এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, সাংবাদিক আব্দুর রহিম গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার শিকার হয়। এ ঘটনায় তিনি গত ৩ মার্চ বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেন। সেই মামলার একজন আসামি হলেন সির্ন্দুনা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন খাঁন। ওই মামলার জের ধরে আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন খাঁনের পুত্র যুবদল নেতা মাহফুজুর রহমান খাঁন বিপ্লবের নেতৃত্বে কয়েকজন দলবদ্ধ হয়ে সাংবাদিক আব্দুর রহিমের ওপর হামলা চালায়।
অপর একটি সুত্র বলছে, কয়েকজন যুবদল ও ছাত্রদলের নেতাও এ সময় সাংবাদিক আব্দুর রহিমকে মারধর করার ঘটনায় বিপ্লবকে পিছন থেকে সহযোগিতা করেন। পরে স্থানীয় লোকজন সাংবাদিক আব্দুর রহিমকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থা আশংকাজনক হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন খাঁনের ছোট পুত্র মুনকে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন বলেন, আমরা স্থানীয় পুলিশকে অপরাধীদের ধরতে সময় দিয়েছি। এ সময়ের মধ্যে গ্রেফতার করতে না পারলে আমরা আন্দোলনে নামবো। এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী বলেন, সাংবাদিক আব্দুর রহিমের ওপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.