প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৫, ৩:৪৬ অপরাহ্ণ
মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের ৪টি মামলায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা

আমিনুল ইসলাম: টাঙ্গাইলের মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন দোকানীকে ৪টি মামলাসহ প্রায় দেড়লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার হাটখোলা বাজার, নেকিবাড়ি ও সালাম ফুট প্রোডাক্টস টেংরী আকাশী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ দেড় লক্ষাধিক টাকা জরিমানা করা হয় বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে।
মঙ্গলবার দিনব্যাপী এ অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট রিফাত আনজুম পিয়া। মধুপুর হাটে বিভিন্ন দোকানদারের ত্রুটিপূর্ণ দাঁড়িপাল্লার মাধ্যমে পণ্য বিক্রয়ের অপরাধে ২ জনকে, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুসারে অর্থদণ্ড প্রদান করেন। এরপর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের নেকিবাড়ি এলাকায় আসন্ন ঈদুল ফিতরকে লক্ষ্য করে বনফুল লাচ্ছাসেমাই-এর মোড়ক ও লোগো নকল করে লাচ্ছাসেমাই উৎপাদন ও বিএসটিআই এর লাইসেন্স গ্রহণ না করার অপরাধে একজনকে এবং টেংরিতে বিএসটিআইএর সিল সম্বলিত চানাচুরের মোড়কে কটকটি বা ডাবলি, মনাক্কা, খুরমা বিক্রি ও ১কেজি প্যাকেটে ৮০০গ্রাম পণ্য দিয়ে ওজনে কম প্রদানের অপরাধে আরো একজনকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ অনুসারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪টি মামলায় মোট ১লক্ষ ৫৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
এ সময় প্রসিকিউশন প্রদান করেন, বিএসটিআই গাজীপুরের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌ. অর্ণব চক্রবর্ত্তী ও পরিদর্শক (মেট্রোলজি) শিখন সাহা। দিনব্যাপী এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন, মধুপুর সেনা ক্যাম্পের একটি চৌকস সেনা দল। পবিত্র রমজান মাস জুড়ে এ অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্যাট রিফাত আনজুম পিয়া।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.