
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে অবৈধ ৩ ইট ভাটার মালিককে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকালে উপজেলার মহাদান ও ভাটারা ইউনিয়নের দিগপাইত-ভূয়াপুর প্রধান সড়কের পাশে অভিযান পরিচালনা করা হয়।
মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সারাদেশের মতো জামালপুর জেলার অবৈধভাবে পরিচালিত সকল ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল জানান, টপ সয়েল ও ফসল রক্ষায় অবৈধভাবে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ও আবাদি জমিতে ভাটা নির্মাণ করাসহ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করার দাবী স্থানীয়দের। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে ঝুমুর ও তানিম নামে দুই ইটভাটার মালিককে দুই লাখ করে ৪ লাখ এবং সূর্বণ ইট ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় ভেকু ও পানি দিয়ে কিছু কাঁচা ইট গুড়িয়ে দেওয়া হয়। অবৈধ ইটভাটা বন্ধ থাকবে।
উল্লেখ্য, জামালপুর জেলায় মোট ১২৩টি ইটের ভাটার মধ্যে মাত্র ১২টির প্রয়োজনীয় কাগজসহ নিবন্ধন করা আছে। বাকী ১১১টি ইট ভাটার বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০), পরিবেশ বিধিমালা ১৯৯৭ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়। এরমধ্যে সরিষাবাড়ী উপজেলায় ২২টি অবৈধ ইটভাটা রয়েছে বলে জানাগেছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক