
জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় এক বীর মুক্তিযোদ্ধার ফসলি জমি দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ভারশোঁ ইউপির হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জমির মালিক বীরমুক্তিযোদ্ধা রফাতুল্যাহ, হোসেনপুর গ্রামের মৃত ফজের আলী প্রামানিকের ছেলে। অপরদিকে অভিযুক্তরা হলেন, একই গ্রামের প্রতিবেশী রমজান আলীর ছেলে মাহবুব আলম ও রতন আলী, মৃত হাতেম আলীর ছেলে উজ্জল হোসেন এবং পার্শ্ববর্তী মজিদপুর গ্রামের আজাদ হোসেনের ছেলে আব্দুল আলিম, আব্দুল হান্নান, আব্দুল আলিমের ছেলে শামিম হোসন,আব্দুর রাজ্জাকের ছেলে মোকাদ্দেস, মৃত ফয়েজ উদ্দীনের ছেলে এমাজ উদ্দিন ও আব্দুর রাজ্জাকের ছেলে তোতা মিয়া।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সুত্রে জানা গেছে, তৎকালীন জমিদারের ওয়ারিশ কালিপদ ও দেবীপদোর নিকট থেকে আজিমুদ্দিন নামের এক ব্যক্তি ১৯৭০ সনে উক্ত জমি ক্রয় করেন।এরপর স্ত্রী সকিনা বিবিকে তার স্বামী আজমুদ্দিন ১৯৮৫ সনে রেজিষ্ট্রি করে দেন।পরে সকিনা বিবি উক্ত জমি বীরমুক্তিযোদ্ধা রফাতুল্যাহ প্রামানিকর নিকট রেজিষ্ট্রি দেন। তখন থেকে অদ্যবধি পর্যন্ত উক্ত জমি রফাতুল্যাহ গংরা ভোগ দখল করে আসছেন।হঠাৎ করে প্রতিবেশী ও পার্শ্ববর্তী এলাকার কতিপয় লোকজন রাতের আধারে ফসলি জমি দখল করে বাঁশের খুঁটি গেড়ে ঘর নির্মাণের চেষ্টা করেন।
নিরুপায় হয়ে ভুক্তভোগী ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশি সহায়তা চান। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে তাড়িয়ে দেয়। পরে আবারো তারা ভোর রাতে বাঁশের খুঁটি গেড়ে ঘর নির্মাণ করেন। এতে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগী জমির মালিক রফাতুল্যাহ।
এ ব্যাপারে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা রফাতুল্যাহ সাংবাদিকদের জানান, ভোগদখলীয় জমি ফেরত চাই। জবর দখল করে তারা আমার ক্রয়কৃত জমি দখল করে বাড়িঘর নির্মাণ করছেন। ক্রয়কৃত জমি ফেরত পেতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। জমি দখল করে ঘর নির্মাণকারী অভিযুক্তদের সাথে কথা হলে তারা বলেন, আমরা জানি এগুলো খাস জমি তাই ঘর নির্মাণ করেছি। জমির কাগজপত্র দেখাতে পারলে আমরা চলে যাবো।
বিষয়টি নিয়ে কথা হলে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন,বীরমুক্তিযোদ্ধার জমি দখলের ব্যাপারে ৯৯৯-এ ফোন আসে। ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে তাড়িয়ে দেয়। পরে কি হয়েছে আমার জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া