হোম » সারাদেশ » পাকুন্দিয়ায় পুলিশের কাছ থেকে আসামি ইউপি চেয়ারম্যান কে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা

পাকুন্দিয়ায় পুলিশের কাছ থেকে আসামি ইউপি চেয়ারম্যান কে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের হাত থেকে দুই মামলার আসামি ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান বাবুকে ছিনিয়ে নেয়ার ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুজায়েত হোসেন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় মামলাটি করেন। এর আগে শনিবার সন্ধ্যার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনাটি ঘটে। অভিযুক্ত নুরুজ্জামান বাবু উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি উপজেলার কামারকোনা গ্রামের মৃত মনিরুজ্জামানের ছেলে। গত বছরের ২০ জুলাই ও ৪ আগস্ট পাকুন্দিয়া সদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় পাকুন্দিয়া থানায় দায়ের করা দুই মামলার এজাহারভুক্ত আসামি তিনি। একটি মামলার বাদী বিএনপি কর্মী মো. নজরুল ইসলাম।
তিনি গত বছরের ৫ সেপ্টেম্বর ৯৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০ থেকে ৯০ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় মামলাটি দায়ের করেন। এই মামলায় নুরুজ্জামান বাবু ১৭ নম্বর আসামি। অপর মামলাটির বাদী উপজেলা তাঁতী দলের সভাপতি মো. মোস্তফা। তিনি ৬ সেপ্টেম্বর ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় মামলাটি দায়ের করেন। এই মামলায় নুরুজ্জামান বাবু ১০ নম্বর আসামি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে পাকুন্দিয়া থানার এসআই মো. সুজায়েত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই মামলার আসামি চেয়ারম্যান নুরুজ্জামান বাবুকে গ্রেফতার করতে উপজেলার বাহাদিয়া গ্রামে অভিযান চালায়। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় তার চিৎকারে আত্মীয়-স্বজন ও তার সমর্থকরা ছুটে গিয়ে পুলিশের ওপর আক্রমণ চালায়।
ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশের হাত থেকে চেয়ারম্যানকে ছিনিয়ে নিয়ে চলে যায় আক্রমণকারীরা। খবর পেয়ে পাকুন্দিয়া থানার ওসি মো. শাখাওয়াৎ হোসেনসহ একদল পুলিশ গিয়ে ছিনিয়ে নেয়া আসামি নুরুজ্জামান বাবুসহ জড়িতদের ধরতে অভিযান চালায়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!