প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ণ
কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ডাকাতের লাশ উদ্ধারে আনন্দ-মিছিল

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজার টেকনাফের পাহাড় থেকে শরিফ নামে এক রোহিঙ্গা ডাকাতের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনী রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমের পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শরিফ মুচনী রেজিস্ট্রার্ড ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা। তিনি রোহিঙ্গা ডাকাত শফি গ্রুপের সদস্য। তার বিরুদ্ধে হত্যা, অপহরণসহ নানা অপরাধে একাধিক মামলা রয়েছে। টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাহাড়ের একটি ঝোপের পাশে শরিফ ডাকাতের মরদেহটি মাটিচাপায় ছিল। কোনো কারণে মাটি সরে গেলে গাছ সংগ্রহে যাওয়া রোহিঙ্গারা মরদেহটি দেখতে পায়। বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
এ মরদেহ উদ্ধারের খবরে মুচনী রোহিঙ্গা ক্যাম্পে আনন্দ-মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে উল্লাস প্রকাশ করেছেন সাধারণ রোহিঙ্গারা। উপজেলার হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, শরীফের অত্যাচারে স্বয়ং রোহিঙ্গারা অসহায় ছিল। তার মৃত্যুতে স্বস্তি পেয়ে রোহিঙ্গারা এ উল্লাস প্রকাশ করেছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.