প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ণ
হোসেনপুরে টাকার বিনিময়ে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ

শাহজাহান সাজু কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৩ নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদে টিসিবির স্মার্ট কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সরজমিনে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদে গিয়ে টিসিবির স্মার্ট কার্ডধারীদের সাথে কথা বলে জানা যায় প্রতিজনের কাছ থেকে ২০ টাকা করে গ্রহণ করছেন ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সাইদুর রহমানের পিএস হাদিস মিয়া ও পরিষদের উদ্যোক্তা তাজ উদ্দিন। গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মাধখলা গ্রামের বাসিন্দা শিল্পী জানায়, টিসিবির স্মার্ট কার্ড পেয়েছি।
তিনি আরো জানান, আমার কাছ থেকে চেয়ারম্যানের পিএস হাদিস মিয়া ২০ টাকা নিয়ে একটি টোকেন ও টিসিবির স্মার্ট কার্ড দিয়েছে। ৮ নং ওয়ার্ডের লুলিকান্দি গ্রামের বাসিন্দা আকবর জানায় আমার কাছ থেকেও ২০ টাকা নিয়ে ইউনিয়ন পরিষদের শীলযুক্ত একটি টোকেন ও টিসিবির স্মার্ট কার্ড দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক গোবিন্দপুর ইউপির আনুহা গ্রামের টিসিবির স্মার্ট কার্ড পাওয়া গৃহবধূ জানায় ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা তাইজুদ্দিন আমার কাছ থেকে ২০ টাকা নিয়ে আমাকে কার্ড দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অগণিত টিসিবির কার্ডধারী পুরুষ-মহিলা ভিডিও সাক্ষাৎকারে তাদের কাছ থেকে ২০ টাকা করে হাতিয়ে নেওয়ার কথা জানান।
গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের আওতায় ২৭০৪ জন টিসিবির উপকারভোগী রয়েছে। তাদের প্রত্যেকের কাছ থেকেই স্মার্ট কার্ড বিতরণের নামে ২০ টাকা করে ৫৪ হাজার ৮০ টাকা হাতিয়ে নিয়েছে। ইউপি চেয়ারম্যানের পিএস উত্তর লাখুহাটি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে হাদিস মিয়া ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা তাজ উদ্দীন।
ইউপি চেয়ারম্যানের পিএস চেয়ারম্যানের কক্ষে বসে থাকা অবস্থায় তার কাছে জানতে চাইলে সঠিক জবাব না দিয়ে তিনি প্রতিবেদককে ধাক্কা দিয়ে পক্ষ থেকে বের করে দেয়ার হুমকি দেন। উদ্যোক্তা তাজ উদ্দিন এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ইউএনও সাহেবের কাছে থেকে জেনে নেওয়ার পরামর্শ দেন।
গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম রশিদ মুঠোফোনে জানান টাকা নেয়ার বিধি-বিধান আছে কিনা ইউএনও স্যার বলতে পারবেন। গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাইদুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারে সর্বশেষ ৩.০২ মিনিট পর্যন্ত ৩৩ বার কল দিলে রিং হওয়ার পরেও রিসিভ না করায় উনার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
টিসিবির স্মার্ট কার্ড বিতরণে কোন টাকা নেওয়ার রাইট আছে কিনা এ বিষয়ে বিনয়ের সাথে জানতে চাইলে, প্রতিবেদককে মুঠোফোনে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা জানান, টিসিবির স্মার্ট কার্ড বিতরণে কোন প্রকার টাকা নেওয়ার রাইট নাই।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.