
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপ পশ্চিম নৌঘাট এলাকায় ১ লাখ পিস ইয়াবাসহ মোঃ শফিক উল্লাহ (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। আটক শফিক উল্লাহ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার হাবিব উল্লাহর ছেলে।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ কামরুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম মাঝির ঘাটে মাদক কারবারিরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্য পেয়ে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি তেলের গ্যালন ফেলে পালানোর সময় এক মাদক কারবারীকে আটক করে। আরও ৩/৪ জন সহযোগী পালিয়ে যায়। পরে তেলের গ্যালন থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক কারবারীরা মাছ ধরার আড়ালে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে দেয়। মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী