
সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পিতা নিহত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১ টার দিকে নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম শফিকুল ইসলাম (৪৫)। ঘাতক ছেলে মো. রিফাত(১৮)। ঘটনায় পর থেকে ঘাতক রিফাত পলাতক রয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর ওই বাড়িতে শোকের মাতম চলছে।
জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. রিফাত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ে। এ নিয়ে তাদের সংসারে বিভিন্ন সময়ে ঝগড়া বিবাদ লেগে থাকতো। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে পিতা শফিকুল ইসলামের কাছে ছেলে রিফাত মাদক সেবনের জন্য ২ হাজার টাকা দাবি করে।
ওই টাকা নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে পিতা ছেলেকে চর থাপ্পর দেয়। পরে উত্তেজিত হয়ে ঘর থেকে ছুরি নিয়ে ছেলে তার পিতাকে ছুরিকাঘাত করে। এসময় ঘটনাস্থলে পিতা মারা যান। ঘটনার পর ছেলে পালিয়ে যায়।
নিহতের ভাতিজা ইয়ামিন সুজন জানান, স্থানীয় উঠতি বয়সের কয়েকজন ছেলে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। রিফাত তাদের মধ্যে একজন। মাদকের টাকা না পেয়ে তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘাতক ছেলেকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান