প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৫:০২ অপরাহ্ণ
আলফাডাঙ্গায় সাদপন্থীদের বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে সাদপন্থী সন্ত্রাসীদের বর্বরচিত হামলায় তাবলীগের ৪ সাথীকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন উপজেলার উলামা-মাশায়েখ ও স্থানীয় তৌহিদী জনতা।
সমাবেশে বক্তব্য দেন, আলফাডাঙ্গা মারকাজের শূরা সদস্য মো. মোস্তফা মোল্যা, মুফতি কুতুবউদ্দিন ফরিদী, মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা আমিনুল্লাহ্, মাওলানা আহসানউল্লাহ ও হাফেজ মহিবুল্লাহ্ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অনতিবিলম্বে সাদপন্থী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তাদের যদি সঠিক বিচার না করা হয় তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো। তাবলিগ জামাতের সঙ্গে সাদপন্থীদের কোনো সম্পর্ক নেই। তারা উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠী। তাই তাবলিগ জামাতের স্বঘোষিত মুরব্বি মাওলানা সাদসহ তার অনুসারীদের আজীবন নিষিদ্ধ করতে হবে।
সমাবেশ শেষে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় ইসলামিক ফাউন্ডেশনের এমসি মাওলানা তামিম আহমেদ, মুফতি মুজাহিদুল ইসলাম, শামসুর রহমান মাস্টার, মুফতি ইবাদত হোসেন, মাওলানা ইলিয়াস হোসাইন সহ উপজেলার শীর্ষস্থানীয় আলেম-উলামা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.