প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৪, ৩:৫৬ অপরাহ্ণ
বগুড়া ধুনটে গাড়ি ভাঙচুর মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে বিএনপি নেতার দায়ের করা গাড়ি ভাঙচুর মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। রবিবার (১৫ই ডিসেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চিকাশী ইউনিয়নের আকবর আলী মন্ডলের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশা ও বাকশাপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম। এর আগে গত শুক্রবার বিকেলে আলেফ বাদশা এবং রাতে রফিকুল ইসলামকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ধুনট থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর দুপুরে ধুনট শহরের কলাপট্টি এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নেন বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ। এ সময় আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবর রহমানের নেতৃত্বে গোলাম মোহাম্মাদ সিরাজের গাড়ি বহরে হামলা চালায়। ওই ঘটনায় ২টি জিপ গাড়ি, ২টি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় গত বছরের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আলেফ বাদশা ও রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ২জন আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.