প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৭:১০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালকসহ দুজন নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাজরা-আলী আকবরী এলাকায় এই দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়। এতে তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন কুলিয়ারচর উপজেলার রামদি এলাকার জুতা ব্যবসায়ী আবু আল হেলাল (৪৯), অপরজন একই উপজেলার দাড়িয়াকান্দি এলাকার সিএনজি চালক মো. আবুল কালাম। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিঞা জানান, কিশোরগঞ্জ থেকে ভৈরবমুখী একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ দুজন নিহত হন। সিএনজির তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে বলে জানান ভৈরব হাইওয়ে থানার ওসি। তিনি বলেন, নিহতদের স্বজনদের লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.